উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে আরমান–মুক্তি পরিষদকে হারিয়ে জয়জয়কার হয়েছে শিবা শানু–জয় চৌধুরী প্যানেলের। সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নতুন নেতৃত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত (২৬৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান (২৩৩ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির (২৭২ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল (২২১ ভোট) জয়লাভ করেছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।
গত কয়েক সপ্তাহের জমজমাট প্রচার-প্রচারণা শেষে শুক্রবার সকাল থেকে ভোটগ্রহণ চলে। এরপর সন্ধ্যায় ব্যালট সিলগালা করে রাতভর ভোট গণনা করা হয়। নতুন এই কমিটির কাছে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
পর্দায় এলো তরুণ জর্জ ওয়াশিংটনের জীবনের অজানা গল্প
প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, বিস্মিত হাবিব
আমেরিকায় শাহরুখ খানের স্টেডিয়াম চালু