চুয়াডাঙ্গা আলমসাধু ও ভ্যানের সংঘর্ষে চালক নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দ্রুতগতির স্যালোমেশিনের ইঞ্জিন চালিত অবৈধ আলমসাধুর সঙ্গে ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাখিভ্যান চালক নিহত হয়েছেন।
 
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে শাহা ব্রিকস নামক ইট ভাটার সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যান চালক রিপন হোসেন (৫০) সন্তোষপুর গ্রামের ব্রীজপাড়ার মহি উদ্দিনে ছেলে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, এদিন সকালে রিপন হোসেন তার ভ্যান নিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। শাহা ব্রিকস ইটভাটার নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানে ধাক্কা দিলে ভ্যান চালক রিপন ছিঁটকে রাস্তার পাশে রাখা ইটের মধ্যে পড়ে যায়।
সে সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আলমসাধু ও পাখিভ্যান দুমড়েমুচড়ে যায়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
MCH
আরও পড়ুন