বান্দরবানে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। তবে অপহৃতরা মিয়ানমারের নাগরিক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপির আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানে কাজ করতে যান কয়েকজন রোহিঙ্গা শ্রমিক। পরে শুক্রবার (৩ জুলাই) দিনগত রাত সাড়ে নয়টায় বাগানের লেবারশেড থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী জিম্মি করে ৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

রাবার বাগানের মালিক মো. কাওছার জানান, তার বাগানে জঙ্গল পরিষ্কার শেষে রাতে কক্ষে অবস্থান করছিলেন শ্রমিকরা। হঠাৎ কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। কী কারণে তুলে নিয়ে গেছে সে বিষয়েও এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

ওসি মোজাম্মেল হক বলেন, ‘আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

MCH/AHA
আরও পড়ুন