কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭-এর বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার।
সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা ইন্না আমিনের ছেলে।
১৬ এপিবিএন সূত্র জানায়, ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চায়ের দোকানের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএনের একটি দল সেখানে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে এপিবিএনের সদস্যরা বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পায়। পরে তারা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।
অভিযানকারী দল সেখান থেকে সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বলেন, এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে। তবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। অপহরণকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর