শোক র‍্যালির পর খামেনির মরদেহ কোথায় নেওয়া হবে?

লাখো মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

ইরানের পবিত্র কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টায় অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ শোকাকুল মানুষ অংশ নেন।

মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজায় শরিক হতে কোমের ঐতিহাসিক জামকারান মসজিদে লাখ লাখ মানুষের ঢল নামে। মঙ্গলবার সকালে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলির ইমামতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি ছাড়াও শীর্ষস্থানীয় ধর্মীয় পণ্ডিত, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমেহ (আ.)-এর মাজারের অভিমুখে একটি বিশাল শোক র‍্যালি বের করার কথা রয়েছে।

প্রেস টিভি জানিয়েছে, জানাজায় অংশ নিতে আগের দিন বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ কোমে আসতে শুরু করেন। এর আগে সোমবার সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি শোক র‍্যালির আয়োজন করা হয়েছিল, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ দুই দিন রাখা হয়। আয়োজকদের মতে, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোক র‍্যালিটি সম্পন্ন হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে গত রোববার ইরানের আরেক শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী নিহত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির প্রথম জানাজার নামাজে ইমামতি করেন। নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার কোমে জানাজা ও শোক র‍্যালি শেষে বুধবার খামেনির মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। পরবর্তীতে খামেনির শেষ ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। সূত্র: প্রেস টিভি

SN
আরও পড়ুন