শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুর পর একই কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলার শ্রীপুর উপজেলাধীন টেপিরবাড়ী এলাকায় কালার কো লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টার দিকে যথারীতি কাজে যোগ দেন কারখানার শ্রমিকরা। এর কিছু সময় পরই পঞ্চম তলার সুইং বিভাগে শ্রমিকদের অসুস্থতার সংবাদ আসে, ধীরে ধীরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব দেখা দিলে তাদের দ্রুত কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ শ্রমীকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অসুস্থতার খবরে  কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক কারখানা থেকে বের হয়ে গেছেন। তবে কারখানাটির ভেতরে কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

মুন্নি আক্তার নামে এক নারী শ্রমিক বলেন, আমরা সকালে কাজে যোগ দেই। কাজ চলছিল হঠাৎ একে একে অসুস্থ হতে থাকে। পরে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়। 

আল আমিন নামে এক কর্মী বলেন, কারখানায় এক এক করে শ্রমিক অসুস্থ হতে থাকলে তোলপাড় শুরু হয়। পরে আমরা কারখানা কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত তাদের হাসপাতালে এনে ভর্তি করি।

এ বিষয়ে কালার কো লিমিটেড কর্তৃপক্ষের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানায় যেন কোনো বিশৃঙ্খল না হয় সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা অসুস্থ হওয়ার বিষয় আমরা তদন্ত করে দেখছি।

এর আগে, গত জুন মাসে একই কারখানায় অসুস্থ হয়ে কারখানায় লিজা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকরা অভিযোগ করেছিলেন, ছুটি না পেয়ে অসুস্থ হয়ে লিজা মৃত্যুবরণ করেন। এ ঘটনার জের ধরে বিক্ষোভ ও আন্দোলনের কারণে কারখানাটি দুই দিন বন্ধ ছিল। 

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত