কক্সবাজারে পাহাড় ধসে নারীর মৃত্যু, দুই দিনে ১১ জনের প্রাণহানী

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

টানা ভারী বর্ষণে কক্সবাজারে আবারও পাহাড়ধসের ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজারে গত দুই দিনে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

নিহত নাসিমা আক্তার (২৭) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নাসিমার স্বামী ও এক সন্তান গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টানা বৃষ্টিতে বড়ছড়া এলাকায় পাহাড় ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা নাসিমা আক্তার, তার স্বামী ও সন্তান মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই নির্দেশনা মানেননি। এর জেরেই এই দুর্ঘটনা। আজ বিকেল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ এলাকায় উচ্ছেদ ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার অভিযান শুরু হবে।

MCH/AHA
আরও পড়ুন