চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। ওই সময় মোটরসাইকেলে যাওয়ার পথে ফাইয়াজ তাজরিয়ানের মোটরসাইকেলটি ট্রাকটির পেছনে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতিগুলো বন্ধ ছিল। ফলে বিকল হয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার নগরে অনুষ্ঠিত দলের মানববন্ধন কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছিলেন।
চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেলের অবদান জাতির জন্য গর্বের
'অক্টোবরের প্রথমার্ধে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা'