সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম

টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আটকে পড়া সাজেকের পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দ্বিতীয় দফায় সেনাবাহিনীর সহায়তায় আরও ৩১১ জন পর্যটক সাজেক ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার (১০/০৭/২৬) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় সেনাবাহিনীর এসকর্টে ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন। সব মিলিয়ে সাজেকে আটকে পড়েছিলেন ৫৬১ জন পর্যটক।

বাঘাইহাট জোন সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফার অভিযানের পরও প্রায় ১০০ জন পর্যটক সাজেকে অবস্থান করছেন। পরিস্থিতি অনুকূলে এলে তাদেরও পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।

এর আগে টানা বর্ষণ, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে গত মঙ্গলবার জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে নতুন করে কোনো পর্যটক প্রবেশ করতে না পারলেও আগে থেকেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন।

পর্যটকদের নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছে দিতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে।

NM/YA
আরও পড়ুন