ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব সদস্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি শফিক গ্রেফতার

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
র‌্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা ও আটকে রেখে নির্যাতনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা শফিককে গ্রেফতার করেছে র‌্যাব।
 
সোমবার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
 
এর আগে গত রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে শফিককে গ্রেফতার করা হয়। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় , গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‌্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। পরে চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে অন্যান্য র‌্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর র‌্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত নয়জনকে গ্রেফতার করলেও শফিক দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের দাবি, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলাতেও তিনি জড়িত।
MCH
আরও পড়ুন