মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে আইআরএস (Internal Revenue Service)-এর বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের একটি মামলাকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন বলে রায় দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (১৩ জুলাই) মিয়ামির ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ক্যাথলিন উইলিয়ামস এক আদেশে এই কথা জানান। একই সাথে এই চুক্তির আইনি কার্যকারিতা স্থগিত করে ট্রাম্পের আইনজীবী এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্টেট বার কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন তিনি।
৫৬ পৃষ্ঠার এক দীর্ঘ রায়ে বিচারক উইলিয়ামস উল্লেখ করেন, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী এবং বিচার বিভাগ (DOJ) ও আইআরএস-এর আইনজীবীরা সম্মিলিতভাবে আইনি ব্যবস্থার অপব্যবহার করেছেন। এটি কোনো আইনি বা তথ্যগত বিরোধ নিষ্পত্তির মামলা ছিল না, বরং মার্কিন করদাতাদের শত কোটি ডলার অপব্যবহার করে ট্রাম্প ও তার সহযোগীদের আইনি দায়মুক্তি দেওয়ার একটি অবৈধ প্রচেষ্টা ছিল।
গত মে মাসে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা চুক্তিটি হয়েছিল। চুক্তির শর্তানুযায়ী, ট্রাম্প মামলা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে ব্যাপক কর সুরক্ষা (Tax Protections) এবং তথাকথিত "সরকারি অস্ত্রায়ন" (Government Weaponization)-এর শিকার ব্যক্তিদের জন্য ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের সুবিধা পান। সমালোচকদের মতে, এই তহবিলটি মূলত ট্রাম্পের রাজনৈতিক সহযোগীদের সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।
বিচারকের নতুন আদেশের ফলে ট্রাম্প, তার প্রাপ্তবয়স্ক পুত্ররা বা তার কোম্পানি এই সমঝোতা চুক্তির কোনো শর্ত পরবর্তী কোনো আইনি প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবেন না। এর ফলে আইআরএস কর্তৃক ট্রাম্পের অতীত কর ফাঁকির অডিট বন্ধ রাখার যে সুবিধা চুক্তিতে ছিল, তা বাতিল হয়ে যেতে পারে।
ইতোমধ্যে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ কংগ্রেসকে জানিয়েছেন যে, এই ১.৮ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনাটি আর সামনে এগোবে না। গত মাসে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতও এই তহবিল গঠনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
আগামী দুই দিন পর সিনেট প্যানেলে স্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্ল্যাঞ্চের মনোনয়ন নিশ্চিতকরণের শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগেই আদালতের এই রায় আসায় এই আইআরএস চুক্তিটি শুনানির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।
বিচারক উইলিয়ামস মামলাটি পুনরায় সচল না করলেও, ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিতো, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ডের মতো শীর্ষ কর্মকর্তাদের আইনি নীতিশাস্ত্র লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির বার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষের কাছে আদেশের কপি পাঠিয়েছেন।
সূত্র: আল জাজিরা
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ কী? কেন এখানে হামলার হুমকি ট্রাম্পের
ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা
‘যুক্তরাষ্ট্রের হামলায় ইরান অনেকাংশে প্রস্তর যুগে ফিরে গেছে’