ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ কী? কেন এখানে হামলার হুমকি ট্রাম্পের

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:০১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সন্দেহভাজন একটি পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি দিয়েছেন।

তিনি বলেন, “ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।” এ মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পিকঅ্যাক্স মাউন্টেন কোথায়?

‘পিকঅ্যাক্স মাউন্টেন’, যা স্থানীয়ভাবে কুহ-ই কোলাং গাজ (Kuh-e Kolang Gaz La) নামে পরিচিত, ইরানের নাতাঞ্জ (Natanz) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। নাতাঞ্জ স্থাপনাটি সাম্প্রতিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পাহাড়টির নিচে দুটি গভীর ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স রয়েছে। এসব টানেল এত গভীরে নির্মিত যে, যুক্তরাষ্ট্রের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী ‘বাঙ্কার-বাস্টার’ বোমাও সেখানে পৌঁছাতে সক্ষম হতে নাও হতে পারে।

পারমাণবিক কর্মসূচির অংশ?

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম, যার মধ্যে দ্য ওয়াশিংটন পোস্ট-ও রয়েছে, তাদের প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃত করে জানিয়েছে যে, পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। যদিও এ বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ট্রাম্পের মন্তব্য

যুক্তরাষ্ট্রের রেডিও উপস্থাপক হিউ হিউইট-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা ওই স্থানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে এখন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। তাদের পারমাণবিক কর্মসূচির অবস্থা ভালো নয়। যখনই আমরা এ ধরনের কিছু শুনি, আমরা সেটি ধ্বংস করে দিই। তাই তারা এটি নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্সের দিকেও নজর দিতে পারি।”

ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পিকঅ্যাক্স মাউন্টেনে সম্ভাব্য কোনো সামরিক পদক্ষেপ বা স্থাপনাটির প্রকৃত কার্যক্রম সম্পর্কে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

YA
আরও পড়ুন