সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নৌ-জোট, যুক্ত বাংলাদেশও

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:০১ এএম

বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে অবাধ জাহাজ চলাচল ও আন্তর্জাতিক সমুদ্রপথ নিরাপদ রাখতে ১৪টি দেশকে নিয়ে এক বহুজাতিক নৌ-প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে 'মাল্টিন্যাশনাল ম্যারিন ডিফেন্স অ্যালায়েন্স' নামের এই যৌথ প্রতিরক্ষা কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বাব আল-মানদেব ও লোহিত সাগর রুটে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার পটভূমিতে এই উদ্যোগ নেওয়া হলো। হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে পড়ায় এবং বিশ্ব বাণিজ্য রক্ষায় এই স্ট্র্যাটেজিক করিডোরটি নিরাপদ রাখা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সৌদি আরব ছাড়া এই চুক্তিতে স্বাক্ষরকারী অন্য ১৩টি দেশ হলো—বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।

তবে সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা লক্ষ্য এক হলেও সংঘাতের এ পর্যায়ে সংযুক্ত আরব আমিরাত বা ওমান এতে স্বাক্ষর করেনি। ৫৭টি দেশকে আমন্ত্রণ জানানো এই জোটে একটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা প্রাথমিক বৈঠকে অংশ নিয়েছিলেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা একটি যৌথ দায়িত্ব। অন্যান্য দেশের জন্য এই জোটে যুক্ত হওয়ার পথ খোলা রয়েছে। এই জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। সদস্য দেশগুলো একে অপরের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়, অপারেশনাল পরিকল্পনা এবং যৌথ নৌ-মহড়া পরিচালনা করবে। জোটের সদর দপ্তর সৌদি আরবে অবস্থিত হলেও এর নির্দিষ্ট স্থান এখনো ঘোষণা করা হয়নি।

আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয় ১৮ মাইল প্রশস্ত সংকীর্ণ বাব আল-মানদেব প্রণালি দিয়ে। হরমুজ প্রণালি বন্ধ থাকার পর সৌদি আরব তাদের 'ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের' মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল দিয়ে তেল রপ্তানি করছিল। তবে ইয়েমেনের সীমান্তঘেঁষা এই রুটেও হুথিদের অবরোধ ও হামলার হুমকির কারণে বৈশ্বিক জ্বালানি খাতের বড় ঝুঁকি এড়াতে যৌথ প্রতিরক্ষার এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন