জমি নিয়ে বিরোধে ভাইয়ের মৃত্যু, পুলিশ হেফাজতে বোন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিক ওরফে মনা(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় অভিযুক্ত বড় বোন রেজু আক্তার (৬৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পারিবারিক জমিজমা নিয়ে ভাইবোনের মধ্যে বাকবিতাণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ছোটভাই রফিক ওরফে মনা গুরুতর আহত হয়ে মাটিতে পরে যায়।  

শুক্রবার ভোরে রফিক ঘুম থেকে না উঠলে স্বজনরা বিছানায় গিয়ে দেখতে পায় তিনি মারা গেছেন। পরে থানা পুলিশ বিষয়টি জানলে ঘটনাস্থলে পৌঁছে মৃতের মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী বানু মিয়া জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে সেই বিরোধকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। পরে রফিককে আহত অবস্থায় পাওয়া যায়।

ভূজপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে নিহতের বোন রেজু আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত