একটি চায়ের দোকানের সামনে ফেলে যাওয়া ব্যাগ থেকে অবিকল প্রেসার কুকারের মতো দেখতে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে থেকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানায়, প্রেসার কুকারের মধ্যে প্রচুর সংখ্যক বিয়ারিংয়ের বল দিয়ে বিস্ফোরক ঢুকিয়ে বোমাটি তৈরি করা হয়েছিল।
জানাগেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেসারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।
বোম ডিসপোজাল ইউনিট জানায়, রাত প্রায় ১টার দিকে তাদের কাছে কল আসে। রাত ৩টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। আজ ভোরে পাশের একটি খালি গর্ত খুঁড়ে, চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
জমি নিয়ে বিরোধে ভাইয়ের মৃত্যু, পুলিশ হেফাজতে বোন
আপনার বাড়ি আছে, আমরা আমাদের বাড়ি মিস করি
চরফ্যাশনে পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার