রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী এলাকায় রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর সংঘটিত এ হামলার তথ্য নিশ্চিত করেছে কিয়েভের সামরিক প্রশাসন।

সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, মধ্যরাতের পর শুরু হওয়া হামলায় কিয়েভ অঞ্চলের অন্তত সাতটি স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। হামলার সময় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পুরো এলাকায় বিমান হামলার সতর্কসংকেত জারি ছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, নগরীর কেন্দ্রের কাছাকাছি একটি গুদাম ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও কয়েকটি গুদাম ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিটসকো বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। ইতোমধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী দল এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে তিনি জানান, রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ করেছে।

রাশিয়ার ধারাবাহিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতার ঘাটতিই রাশিয়াকে এমন প্রাণঘাতী হামলা চালাতে উৎসাহিত করছে।

এদিকে নিজ দেশে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি পাওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: আল জাজিরা

Maz
আরও পড়ুন
সর্বশেষপঠিত