গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মাদক কারবারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাজী মাজার বস্তি এলাকায় আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২১৯ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন (প্রায় ১ দশমিক ৬ কেজি), ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর এবং স্বর্ণসদৃশ তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
আড়াই মাস পর কবর থেকে পিতার মরদেহ উত্তোলন