ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিন মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং এটি এখনো ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে রয়েছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) হামাসের নবনিযুক্ত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান তাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং গাজা ও ফিলিস্তিনি জনগণের সেবায় সফলতা কামনা করেন।
তিনি বলেন, চলমান আলোচনায় ফিলিস্তিনি নেতারা যে সিদ্ধান্ত, উদ্যোগ বা পদক্ষেপ নেবেন, ইরান তার প্রতি সমর্থন জানাবে এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।
পেজেশকিয়ান সাবেক হামাসপ্রধান ইসমাইল হানিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরান সফরের সময় তাকে হত্যার ঘটনা ছিল ইসরায়েলের একটি অপরাধ। তিনি ফিলিস্তিনি জনগণের ধৈর্য ও প্রতিরোধের প্রশংসা করে বলেন, তাদের সমর্থনে ইরান কোনো প্রচেষ্টাই বাদ দেবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পরও ফিলিস্তিন প্রশ্ন ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক নীতি হিসেবেই থাকবে। পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য ও সংহতির আহ্বান জানান তিনি।
অন্যদিকে খলিল আল-হাইয়া ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হামাস অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে সমন্বয় করেই আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আলোচনার টেবিলে ইসরায়েলকে এমন কোনো অর্জন করতে দেওয়া হবে না, যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি।
তিনি আরও দাবি করেন, ইসরায়েলই আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পেলেও দেশটি পতনের পথেই রয়েছে। পাশাপাশি ইরানের প্রতিরোধের প্রশংসা করে আল-হাইয়া বলেন, তেহরান অঞ্চলে নতুন সমীকরণ তৈরি করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এই অগ্রগতি অব্যাহত থাকবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
পারমাণবিক আলোচনা ভেস্তে গেলে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি
ফ্রান্সের দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মিললো ৪০০'র বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা
ট্রাম্প ১০৬ বার ইরানের পরাজয় ঘোষণা করেছেন: কোসারি