কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ভয়াবহ ধস

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাঁধের ধসে যাওয়া অংশে নদীর পানি আছড়ে পড়ছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে যেকোনো সময় বাঁধের আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে বিকট শব্দে প্রায় ৪০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। এরপর থেকে ধস অব্যাহত রয়েছে। বাঁধের এই পরিস্থিতিতে আশপাশের বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক চরম ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। এখন বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে।’

আরেক বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘তীর রক্ষা বাঁধের ধস দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আশপাশের অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি নদীগর্ভে চলে যেতে পারে। এতে অনেক পরিবার ভূমিহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত