ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ১৯টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকানের মালামাল ও গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি
মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার