হবিগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি কাভার্ডভ্যানসহ প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজিবি জানায়, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানটি জব্দ করে তল্লাশি চালান। এ সময় বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

একই দিনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। এ অভিযানে একটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।

অন্যদিকে বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায়। সেখানে চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও পাঁচ বোতল মদ জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদ ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

MU
আরও পড়ুন