ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম

সাভারে ছাত্রদল নেতা মোনারুল হোসেন বকসী (৩০) নিহতের ঘটনায় মরদেহ নিয়ে পীরগাছা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৮ আগস্ট) মোনারুলের মরদেহ পীরগাছায় পৌঁছালে স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসীরা এই বিক্ষোভ করেন।

নিহত মনোয়ারুল হোসেন বকসী (২৯) সাভার থানা ছাত্রদলের সহসভাপতি। তার বাবা জাফর আলী বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিরাপত্তাকর্মী। সেখানকার আবাসিক ভবনে বাবার ফ্ল্যাটে থাকতেন মোনারুল। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের দক্ষিণ হাতিবান্ধায়।

পুলিশ জানায়, পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের শফিকুল ইসলাম মিন্টু তার মেয়ে মিমি আক্তার (১৫) নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৩ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে মিমির অবস্থান শনাক্তে পীরগাছা থানার এসআই কনক চন্দ্রের নেতৃত্বে চার সদস্যের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়।

একপর্যায়ে পুলিশ জানতে পারে, মিমি সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে অবস্থান করছে। পরে ৭ আগস্ট সাভার মডেল থানা ও পীরগাছা থানার পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। অভিযানের সময় মোনারুলের বাবার সঙ্গে পুলিশ সদস্যদের কথাবার্তার একপর্যায়ে ভবনের ছাদ থেকে ভারী কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে নিচে মোনারুলকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মৃত্যু ঘোষণা করেন।

মোনারুলের ভাই মমদেল হোসেন অভিযোগ করেন, মিমিকে উদ্ধারে তার বাবা মিন্টু পুলিশের সঙ্গে সাভারে যান। পুলিশের সহযোগিতায় মিন্টু আমার ভাইকে ছাদ থেকে ফেলে দিয়েছেন। ছাদে আমার ভাইয়ের সঙ্গে হয়তো মিন্টুর কথা-কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তিনি ধাক্কা দিয়ে আমার ভাইকে নিচে ফেলে দেন। পরে নিচে নেমে তারা হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু আমরা ভাইকে বাঁচাতে পারিনি।
আমরা সাভার মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিহতের স্বজনরা মরদেহ নিয়ে থানায় এসেছিলেন। তাদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তাদের বিস্তারিত জানানো হয়েছে। পরে তারা মরদেহ নিয়ে চলে যান। বিষয়টি বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। পুলিশের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

MU
আরও পড়ুন