কুষ্টিয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

কুষ্টিয়া সদরে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সদ্য জন্ম নেওয়া সকল নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। ৩ সন্তান জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম আমান্না খাতুন। তিনি সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামের শিরাজুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুজন মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় ৩ সন্তানের জন্ম দেন আমান্না। এর আগে শিরাজুল ইসলামের প্রথম সন্তান জন্মের পর মারা যায়। এরপর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে বইছে আনন্দের জোয়ার।

পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘ অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সি মানুষ বাচ্চাদের দেখতে শিরাজুলের বাড়িতে ভিড় করেন। এদিকে মা ও তিন নবজাতক সুস্থতার জন্য পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

MCH/AHA
আরও পড়ুন