মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালকসহ আটক ৩

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় উয়াদ মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উয়াদ মালিথা ভেড়ামারা গ্রামের মৃত আদু মালিথার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়া শেষে চারজন একটি ডিসকভার মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় রাস্তার পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা উয়াদ মালিথাকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা চারজনের মধ্যে একজন পালিয়ে গেলেও চালকসহ অপর তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের চালকসহ তিনজনকে হেফাজতে নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মধ্যে চলছে শোক ও আহাজারি।

এম.সি.এইচ
আরও পড়ুন