সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে এই মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি, ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন। ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
একই সময়ে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন।
সৌহার্দ্য প্রকাশকালে দুই দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং সীমান্তের উভয় পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভারতের স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে এদিন ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল
এসএসসিতে উপজেলায় সেরা মাধুর্য পেলো ল্যাপটপ
কালীগঞ্জে বাড়িতে ঢুকে হামলা, গৃহবধূ নিহত