পানিতে ডুবে নারী ও শিশুর প্রাণহানি

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে পৃথক স্থানে পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার লেমশীখালী ও বড়ঘোপ ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ার রুবেল কাদেরের স্ত্রী ইরান এবং ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে আনাছ (২)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ায় রান্নার জন্য পুকুরের ঘাটে মাছ ধুতে যান রুবেল কাদেরের স্ত্রী ইরান (২৫)। এ সময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ নেছারুল করিম মৃত ঘোষণা করেন। ইরান দুই সন্তানের জননী ছিলেন এবং তিনি মৃগীরোগে ভুগছিলেন।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজির পাড়ায় পুকুরে ডুবে মারা যায় নুর মোহাম্মদের ছেলে আনাছ (২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU
আরও পড়ুন