ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস

ইরানের বিরুদ্ধে ব্যর্থ মার্কিন যুদ্ধ এবার বন্ধ হোক

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১০ এএম

ইরানের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের নেওয়া সামরিক নীতিকে ‘ব্যর্থ ও অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকদের প্রতি অবহেলা ও অমানবিক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেফরিস উল্লেখ করেন, রণতরিটিতে থাকা সেনাসদস্যরা চরম মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। দেশের সুরক্ষায় নিয়োজিত নাবিকদের সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করা উচিত হলেও বাস্তবে সেখানে তা নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ করেন এই ডেমোক্র্যাট নেতা।

তার সুর মিলিয়ে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফিও ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন। 

তিনি বলেন, শুরু থেকেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ জয় করা যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব এক মিশন ছিল এবং এই ধরনের অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ মার্কিন বাহিনীর ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টানা ২৪০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরিটির সেনাসদস্যদের মধ্যে তীব্র মানসিক অবসাদ ও রসদসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। 

গুয়াম ও ওমানে মাত্র দুই দিন বিরতি ছাড়া দীর্ঘ মোতায়েনকালে বিশ্রামের সুযোগ না পাওয়ায় কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে জানা গেছে।

পরিস্থিতি জটিল হওয়ায় মার্কিন আইনপ্রণেতারা এই রণতরির ভেতরের কর্মপরিবেশ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা তদন্তের জোরালো দাবি জানিয়েছেন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অজুহাতে মে মাসে শেষ হতে যাওয়া এই মোতায়েন বারবার বাড়ানোয় ক্ষোভ বাড়ছে সেনা পরিমণ্ডলেও।

তথ্যসূত্র: পার্সটুডে (Pars Today)
 ও ইরনা (IRNA)

HN
আরও পড়ুন