ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি নিজে ধর্মান্তরের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে খবরটি সত্য কি না, তা নিয়ে রয়ে গেছে সংশয়।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি সামনে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন। ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে শাহিন দাবি করেন, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকেই তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন। একই সঙ্গে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানান তিনি।
শাহিনের ভাষ্য অনুযায়ী, শেখ জিহাদ হাম্মাদেহের সঙ্গে রবার্তো কার্লোসের বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয় বলেও দাবি করেন তিনি।
শাহিন আরও জানান, ওই সাক্ষাতের সময় রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এই দাবির সমর্থনে এখন পর্যন্ত কার্লোসের নিজের কোনো বক্তব্য, আনুষ্ঠানিক ঘোষণা বা যাচাইযোগ্য প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এটিকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
এদিকে সম্প্রতি রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি ঘিরেও তাদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
৩ চিকিৎসাকর্মীর মৃত্যু দিয়েই শুরু হয়েছিলো ইবোলার তাণ্ডব
ভেনেজুয়েলার তেলের অর্ধেকই যাচ্ছে যুক্তরাষ্ট্রে