গাজীপুরের কাপাসিয়ার বীরউজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অনন্ত নিখোঁজ হওয়ার তিন দিন পর সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে তাকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান, বিমানবন্দর থানা পুলিশ অনন্তকে হেফাজতে নেওয়ার পর গাজীপুর পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে অনন্তের বাবাকে সঙ্গে নিয়ে সেখানে যায় গাজীপুর পুলিশের একটি দল। পরে অনন্তকে নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, অনন্ত কীভাবে বিমানবন্দর এলাকায় পৌঁছেছে এবং নিখোঁজ থাকার সময় কোথায় ছিল এসব বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ ছিল অনন্ত। ওই দিন বিকেলে বীরউজলী বাজারের একটি ভবন থেকে তার রক্তমাখা জামা, জুতা ও বিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়। এসব সামগ্রী উদ্ধারের পর অনন্তের নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অনন্তের বাবা সোহাগ মিয়া বলেন, ‘আমার ছেলেকে পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া।’
অনন্ত নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। দ্রুত সন্ধানের দাবিতে গত কয়েক দিনে বীরউজলী এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, অনন্তের নিখোঁজের ঘটনা এবং বীরউজলী বাজার থেকে তার রক্তমাখা জামা, জুতা ও আইডি কার্ড উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে নিখোঁজের কারণ ও তার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
টেন্ডার ছাড়াই স্কুলের গাছ ও ভবন বিক্রির অভিযোগ
ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে, আহত বাবা
পানি না থাকলেও থেমে নেই নৌকা বাইচ