যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত, পাল্টা শুল্কের ঘোষণা কানাডার

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা।

কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং ওয়াশিংটনের অন্যায্য শর্ত আরোপের মুখে শুক্রবার (২১ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সাথে কানাডিয়ান আলোচনার প্রতিনিধি দলকে অবিলম্বে ওয়াশিংটন থেকে অটোয়া ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডার ব্যবসায়ী ও কর্মীদের স্বার্থ রক্ষা করে মার্কিন বাজারে সেরা প্রবেশাধিকার নিশ্চিত করতে অটোয়া একটি ন্যায্য চুক্তি চেয়েছিল। সেই লক্ষ্যে কানাডার প্রতিনিধি দল শেষ মুহূর্ত পর্যন্ত আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্র এমন কিছু প্রস্তাবিত শর্ত পরিবর্তন করেছে যা অত্যন্ত অন্যায্য, অর্থনীতিবিরোধী এবং চুক্তির নির্ভরযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়।

মূল সংঘাতের শুরু হয় মার্কিন শুল্ক নীতি নিয়ে। শুক্রবার রাত ১২টার ডেডলাইন কার্যকর করে প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের কানাডিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

প্রধানমন্ত্রী কার্নি স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের অর্থনীতি, ব্যবসায়ী ও শ্রমিকদের সুরক্ষায় কানাডাও মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ (ডলারের বিপরীতে ডলার) পাল্টা শুল্ক আরোপ করবে।

অথচ এর আগে শুক্রবার সকালে ওয়াশিংটনে যখন পুনরায় বৈঠক শুরু হয়, তখন উভয় পক্ষই চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক বিবৃতিতে একটি ‘অত্যন্ত ন্যায্য’ সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কঠোর ও একপক্ষীয় অবস্থান পুরো আলোচনাকে ভেস্তে দেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

YA
আরও পড়ুন