বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নাটকীয় প্রত্যাবর্তন ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও শেয়ারবাজারে নতুন আলোচনা শুরু হয়েছে। পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরেছেন তিনি। তাঁর ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে হোয়াইট হাউসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই সিদ্ধান্তে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এতে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর ওপর ওয়াশিংটনের রাজনৈতিক প্রভাব এবং সিলিকন ভ্যালির ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
কী ঘটেছিল?
প্রতিবেদন অনুযায়ী, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর দুই সপ্তাহেরও কম সময় আগে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এসব অভিযোগের মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও উঠে আসে। ওই নারী চীনের গুপ্তচর বলে অভিযোগ করা হয়েছিল।
তবে বেইজিং অ্যালিস হুয়াংকে গুপ্তচর হিসেবে অভিহিত করার অভিযোগ অস্বীকার করেছে। তিনি আগে মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক ছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত এনভিডিয়া বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান।
অভিযোগগুলো নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করেছিল। তবে তদন্ত শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন হুয়াং। তাঁর অনুপস্থিতিতে প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব নেন। একই সময়ে স্থায়ী উত্তরসূরি খুঁজতে শুরু করে পরিচালনা পর্ষদ।
কিন্তু হুয়াংয়ের পদত্যাগের পর সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁকে আবারও দায়িত্বে ফেরানোর দাবিতে একটি আবেদনে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও।
বিশ্লেষকেরাও সতর্ক করেন, হুয়াংয়ের চলে যাওয়ায় এনভিডিয়ার বাজারমূল্য বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইয়র্কভিল আইভসের ব্যবস্থাপনা অংশীদার ড্যান আইভসের অনুমান ছিল, হুয়াং পদত্যাগ করলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
এরপর সোমবার হুয়াংকে আবারও প্রতিষ্ঠানের নেতৃত্বে ফিরিয়ে আনে এনভিডিয়া।
এক বিবৃতিতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনস বলেন, পর্ষদ মনে করে, এনভিডিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তাঁকে ফিরিয়ে আনা শেয়ারধারী, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থে নেওয়া হয়েছে।
অথচ এর কয়েক দিন আগেই হুয়াংকে ফিরিয়ে আনার সম্ভাবনা নাকচ করেছিল পরিচালনা পর্ষদ।
ফিরে এসে হুয়াং বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে পেরে তিনি আনন্দিত।
ট্রাম্প প্রশাসনের ভূমিকা কতটা?
সোমবার ট্রাম্প দাবি করেন, হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্তে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এবং সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, তাঁর হস্তক্ষেপ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ট্রাম্প জানান, তিনি পরিচালনা পর্ষদের বৈঠকেও অংশ নিয়েছিলেন। এর আগে সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিরা নেতৃত্বসংক্রান্ত সংকট সমাধানে ট্রাম্পকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্রে স্পষ্ট উত্তরসূরি পরিকল্পনার অভাব ছিল।
সিএনবিসিকে ট্রাম্প বলেন, হুয়াংয়ের পদত্যাগের পর শেয়ারবাজারে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, তা তাঁকে পুনর্বহালের পক্ষে অবস্থান নিতে প্রভাবিত করে থাকতে পারে। তবে দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের থাকার সুবিধাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বোস্টন কলেজের কৌশল, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক সহযোগী ডিন আলেকসান্দার টমিক আলজাজিরাকে বলেন, কোনো দায়িত্বে থাকা প্রেসিডেন্টের একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ওপর প্রকাশ্যে চাপ প্রয়োগ করে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ঘটনা নজিরবিহীন। বিশেষ করে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নিয়োগের মতো সিদ্ধান্তে প্রেসিডেন্টের সরাসরি অংশগ্রহণ অস্বাভাবিক।
করপোরেট সুশাসন বিশেষজ্ঞদের মতে, এনভিডিয়ার নেতৃত্বসংক্রান্ত সিদ্ধান্তে ট্রাম্পের ভূমিকা কতটা ছিল, সে বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন।
শেনানডোয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের হিসাববিজ্ঞানের অধ্যাপক মার্টিন মুলিয়াডি বলেন, কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সরকারের কাছ থেকে মতামত নিতে পারে। তবে বাইরের কোনো পক্ষকে সিইও বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। এমন সিদ্ধান্ত নেওয়া হলে শেয়ারধারীদের কাছে এর কারণ ব্যাখ্যা করতে হবে।
এনভিডিয়ার নেতৃত্বসংক্রান্ত সিদ্ধান্তে ট্রাম্পের হস্তক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই মতবিরোধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এখনো প্রতিষ্ঠানটির কার্যক্রম তদন্ত করছে। অন্যদিকে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়ার কঠোর সমালোচকদের একজন হয়ে উঠেছেন।
বেসেন্ট প্রশ্ন তুলেছেন, নিজেদের আর্থিক ফলাফল ভালো দেখাতে এনভিডিয়া চীনের কাছে চিপ বিক্রিতে সহায়তা করেছে কি না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি রাজস্ব ও আয় বাড়ানোর জন্য আপাতদৃষ্টিতে অবৈধ চিপ বিক্রির সঙ্গে জড়িত ছিল।
এনভিডিয়ার বাইরে থেকে নতুন সিইও নিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি চীনের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ বিলম্বিত করেছিলেন। তাঁর আগের প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের আর্থিক স্বার্থ এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাঁর দুই ছেলের নিয়ন্ত্রণে রয়েছে।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জানতে চাইছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থতার কারণে ক্যান্টর ফিটজেরাল্ডের বিনিয়োগ বা ব্যবসায়িক সম্পর্ক কোনোভাবে লাভবান হয়েছে কি না।
টমিক বলেন, এনভিডিয়ার আয়ের কতটা অংশ এমন চিপ বিক্রি থেকে এসেছে, যা রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত কঠোর যাচাইয়ে টিকবে না—সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি পর্যায়েই যখন নজরদারি ও আইন প্রয়োগের দুর্বলতা নিয়ে অভিযোগ রয়েছে, তখন এনভিডিয়ার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। নেতৃত্বসংক্রান্ত সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির অবস্থান বদলে যাওয়ায় ভবিষ্যতে নিয়ম মেনে চলার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
ট্রাম্পের হস্তক্ষেপ কী নজির তৈরি করল?
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ট্রাম্পের ভূমিকা যুক্তরাষ্ট্রের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়েও বড় প্রশ্ন সামনে এনেছে। বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এখতিয়ারভুক্ত সিদ্ধান্তে প্রেসিডেন্ট কতটা প্রভাব বিস্তার করতে পারেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
টমিকের মতে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ওপর ট্রাম্পের সরাসরি চাপ প্রয়োগ এবং হুয়াংকে ফিরিয়ে আনার আলোচনায় তাঁর অংশগ্রহণ একজন দায়িত্বে থাকা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।
তাঁর আশঙ্কা, এই সিদ্ধান্ত ভবিষ্যতে রিপাবলিকানদের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। কারণ, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। বড় করপোরেট প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর পক্ষে ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের অবস্থান রয়েছে। নতুন কংগ্রেসও করপোরেট সিদ্ধান্ত গ্রহণে একই ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।
টমিক বলেন, এনভিডিয়ার নিজের প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতার ঘাটতি প্রকাশ পেয়েছে। এ কারণে ভবিষ্যতে, বিশেষ করে ২০২৮ সালে নতুন কংগ্রেস ও প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটি আরও কঠোর সরকারি নজরদারির মুখে পড়তে পারে।
তাঁর মতে, হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত করপোরেট জবাবদিহির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠাতাদের নেতৃত্বকে বিনিয়োগকারীরা অনেক বেশি গুরুত্ব দেন। এতে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রভাবশালী নির্বাহীদের অপরিহার্য ব্যক্তি হিসেবে বিবেচনা করার প্রবণতা আরও বাড়তে পারে। ফলে তাঁদের ব্যক্তিগত বা পেশাগত অসদাচরণের জন্য জবাবদিহির আওতায় আনা কঠিন হয়ে উঠতে পারে।
টমিকের ভাষায়, অন্য কোনো শিল্পে এমন ঘটনা কল্পনা করাও কঠিন। প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের প্রতি অতিরিক্ত আনুগত্য ও তাঁদের দায়মুক্তির মনোভাব ভোটারদের মধ্যে বিরক্তি তৈরি করছে। নির্বাচনের ফলাফলে এর প্রভাবও থাকতে পারে। তাঁর মতে, হুয়াংকে প্রকাশ্যে সিইও পদে না ফিরিয়েও এনভিডিয়ার সঙ্গে যুক্ত রাখার সুযোগ ছিল।
শেয়ারবাজারে কী প্রতিক্রিয়া দেখা গেছে?
হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে ওয়াল স্ট্রিট ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। সোমবার দিনের শুরুতে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩১ শতাংশ বেড়ে যায়। লেনদেনের বাকি সময়েও এই উত্থানের বড় অংশ ধরে রাখে প্রতিষ্ঠানটির শেয়ার।
এর প্রভাব পড়ে পুরো মার্কিন শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দেশটির তিনটি প্রধান সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রযুক্তিনির্ভর নাসডাক ১০০ সূচক প্রায় ৭ শতাংশ বেড়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বেড়েছে ৩ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।
অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারেও উত্থান দেখা যায়। এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা এএমডির শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৮৫ শতাংশ। মাইক্রোসফটের শেয়ার বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ এবং অ্যালফাবেটের শেয়ার বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।
বৃহত্তর শেয়ারবাজারের জন্য সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ কেন?
মার্কিন শেয়ারবাজারে এনভিডিয়ার প্রভাব এখন অনেক বড়। অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, নাসডাক ১০০ সূচকের মোট ওজনের ৮ দশমিক ১ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, এনভিডিয়ার বিনিয়োগের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের বেশি। এসইসিতে জমা দেওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে আটটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগের পরিমাণ ৪৮ বিলিয়ন ডলারের বেশি।
এনভিডিয়ার বিনিয়োগের মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটিং ও ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরউইভের ১০ শতাংশ মালিকানা। হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবর প্রকাশের পর কোরউইভের শেয়ারের দাম ২২ শতাংশ বেড়ে যায়।
অন্যান্য বড় প্রতিষ্ঠানের সঙ্গেও এনভিডিয়ার ব্যবসায়িক ও আর্থিক সম্পর্ক রয়েছে।
গত আগস্টের শেষ দিকে অ্যামাজন ঘোষণা দেয়, তাদের ক্লাউড কম্পিউটিং বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মাধ্যমে ২০২৭ ও ২০২৮ সালে আরও ২০ লাখ এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করবে। এর আগে মার্চ মাসে ১০ লাখের বেশি জিপিইউ ব্যবহারের পরিকল্পনা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গেও আর্থিক সম্পর্ক আরও গভীর করেছে এনভিডিয়া। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের বড় আকারের প্রাথমিক শেয়ার ছাড়ে (আইপিও) অংশ নিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।
সূত্র: আল-জাজিরা
‘রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে’ এস্তোনিয়া, মস্কোর হুঁশিয়ারি
ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ভূগর্ভস্থ ঘাঁটি, ইরান নিয়ে দ্বিধায় ট্রাম্প
ইরান নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট তীব্র বিরোধ
হাসিনা বাংলাদেশে ফিরলেই চিন্ময় কৃষ্ণকে মুক্ত করার উদ্যোগ