সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিযোগিতা বন্ধের দাবিতে মাঠে নেমেছে স্থানীয় ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ নামের একটি সংগঠন। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকেও প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে উপজেলার লাউতা ইউনিয়নের স্থানীয় যুবকদের উদ্যোগে সুনাই নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় বিয়ানীবাজার ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নৌকা নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। তবে এবার আয়োজনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট)নৌকা বাইচ বন্ধের দাবিতে বাদ মাগরিব বারইগ্রাম বাজার মসজিদের দ্বিতীয় তলায় পরামর্শ সভার আয়োজন করেছে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’। সভায় স্থানীয়দের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনের পক্ষ থেকে মাওলানা নুরুর রহমান, মাওলানা আব্দুল হক কাসেমী, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা গৌছ উদ্দিন এ পরামর্শ সভায় অংশ নিতে সবাইকে আহ্বান জানান।
তাদের দাবি, নৌকা বাইচ আয়োজন বন্ধ করা উচিত। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও মতবিনিময়ও চলছে।
স্থানীয়দের অনেকে বলছেন, দীর্ঘদিনের এই আয়োজনকে কেন্দ্র করে এবার যে বিভাজন তৈরি হয়েছে, তা দ্রুত আলোচনার মাধ্যমে নিরসন করা জরুরি। অন্যথায় উৎসবের আয়োজন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন বলেন, ‘বিষয়টি ক্রমেই উত্তেজনাকর পরিস্থিতির দিকে যাচ্ছে। শুক্রবার উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হবে।’
লাউতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, নৌকা বাইচকে কেন্দ্র করে এলাকায় দুটি পক্ষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশে ফিরল সাজুর মরদেহ, কলকাতায় রেবতীর শেষকৃত্য
‘বোমা হোসেন’ গ্রেপ্তার
গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু