টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

চলতি সপ্তাহে রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। তবে এর জন্য একদিন ছুটি ম্যানেজ করতে হবে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এক দিন ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসেব অনুযায়ী আগামী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এই নির্ধারিত ছুটি উপভোগ করবেন (ঈদে মিলাদুন্নবীর ছুটি)।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হয় না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকেন। 

এদিকে, ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি-না, তা নির্ধারণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

AHA
আরও পড়ুন