গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত নালা থেকে আকাশ সরদার (২১) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। চাকরি দেওয়ার কথা বলে ফরিদপুর থেকে ঢাকায় এনে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানের পরিত্যক্ত নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার রহমত বেপারীপাড়া গ্রামের করিম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই চাকরি দেওয়ার কথা বলে আকাশকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসেন তাঁর দুই বন্ধু মাজহারুল ইসলাম মিঠু ও অপু মিয়া। ওই দিন সন্ধ্যায় তাঁদের যোগসাজশে আকাশকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়। এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন পরিবারের সদস্যরা।
পরে র্যাবের সহযোগিতায় মামলার আসামি মিঠুকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত নালা থেকে আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
গাজীপুরে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাং লিডার আটক