কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ধানখেত থেকে মানুষের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার চরুয়াটারী এলাকা থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, এটি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ডান পায়ের নিচের অংশ। তবে পায়ের বিচ্ছিন্ন অংশটি কার এবং কীভাবে এখানে এল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশের একটি ধানের জমিতে খণ্ডিত পা’টি দেখতে পান পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খণ্ডিত পায়ের পাশেই একটি রক্তমাখা পলিথিন পড়ে ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা খণ্ডিত পা’টি পলিথিনে মুড়িয়ে রাতের কোনো একসময় ধানের জমিতে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পায়ের খণ্ডিত অংশটি উদ্ধার করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা খণ্ডিত অংশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। সেটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কে বা কারা এটি ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঝিনাইদহে বাসচাপায় দম্পতি নিহত
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে ইরান