ইসরায়েলে আটকে থাকা ১৭০০ মরদেহ ফেরত চায় ফিলিস্তিনিরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

ইসরায়েলের কাছে কাছে আটকে থাকা ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানের দাবিতে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‘ন্যাশনাল ক্যাম্পেইন টু রিট্রিভ মার্টার্স বডিজ’ (ফিলিস্তিনি শহীদদের মরদেহ উদ্ধারবিষয়ক জাতীয় অভিযান)-এর আয়োজনে নিহতের স্বজন ও ফিলিস্তিনি নাগরিকরা এই বিক্ষোভ পালন করেন। আল-বিরেহ, নাবলুস, হেব্রন, তুল কারেমসহ বিভিন্ন অঞ্চলে স্বজনরা শহীদদের ছবি ও ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নেমে আসেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ১,৭০০ জন ফিলিস্তিনির মরদেহ তাদের কাছে আটকে রেখেছে। মরদেহগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন হিমাগার এবং গোপন কবরে রাখা হয়েছে, যা ‘সংখ্যার কবর’ (Cemeteries of Numbers) নামে পরিচিত—যেখানে নামের পরিবর্তে মরদেহগুলোকে একটি করে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়।

ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর মতে, ফিলিস্তিনিদের মরদেহ আটকে রেখে পরবর্তীতে দরকষাকষি বা আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে ইসরায়েল। পরিবারের শেষ বিদায় ও সম্মানজনক দাফনের অধিকার বাস্তবায়নে অবিলম্বে এই মরদেহগুলো হস্তান্তরের আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন