এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথমবারের মতো মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সরাসরি সহায়তায় সফলভাবে এক রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের (ইউসিএলএইচ) সার্জনরা এই ঐতিহাসিক অস্ত্রোপচার সম্পন্ন করেন।

৪৪ বছর বয়সী রিস হিবার্ট দীর্ঘদিন ধরে পিটুইটারি গ্রন্থির ১১ মিলিমিটারের একটি টিউমারে ভুগছিলেন। টিউমারটি তার দৃষ্টিশক্তির স্নায়ুতে চাপ দেওয়ায় তিনি প্রায় অন্ধ হতে বসেছিলেন, সেই সঙ্গে সার্বক্ষণিক তীব্র ক্লান্তি ও মাথা ঘোরার সমস্যায় ভুগছিলেন। সময়মতো অস্ত্রোপচার না হলে তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারাতে পারতেন।

অস্ত্রোপচারের সময় এআই প্রযুক্তিটি লাইভ ভিডিও ক্যামেরা বিশ্লেষণ করে মস্তিষ্কের গোপন বা দৃশ্যমান নয়—এমন ঝুঁকিপূর্ণ রক্তনালী ও স্নায়ুগুলোকে চিহ্নিত করে সার্জনদের রিয়েল-টাইমে পরামর্শ দেয়। এর ফলে অত্যন্ত নিরাপদে টিউমারটির সিংহভাগ অংশ অপসারণ করা সম্ভব হয়েছে।

এই অস্ত্রোপচারে নাসারন্ধ্র (নাকের বাইরের দিকে থাকা দুটি ছিদ্র) দিয়ে একটি পাতলা ক্যামেরা (এন্ডোস্কোপ) মস্তিষ্কের গভীরে প্রবেশ করানো হয়। সার্জনদের জন্য মস্তিষ্কের প্রধান ধমনী ও চোখের স্নায়ু বাঁচিয়ে টিউমারটি বের করা অত্যন্ত বিপজ্জনক ও জটিল কাজ ছিল। কিন্তু এআই স্ক্রিনে লাইভ ভিডিও দেখে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোকে চিহ্নিত করে দেয় এবং সবচেয়ে নিরাপদ পথটি দেখিয়ে দেয়।

অস্ত্রোপচার পরিচালনাকারী অধ্যাপক হানি মার্কাস জানান, এটি সাধারণ একজন সার্জনের সারাজীবনের অভিজ্ঞতার চেয়েও বেশি পরিমাণ ডেটা ও ভিডিও দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। চিকিৎসকরা এটিকে ‘সার্জিক্যাল চ্যাটজিপিটি’ হিসেবে অভিহিত করছেন, যা অভিজ্ঞ কোনো চিকিৎসকের মতো সার্জনদের পরামর্শক হিসেবে কাজ করে।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হিবার্ট বলেন, চোখ খোলার পরেই মনে হয়েছে আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। এআই প্রযুক্তি আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে।

সূত্র: বিবিসি

ওয়াইএ
আরও পড়ুন