মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে সাগরে ঝাঁপ দেওয়া এক মার্কিন নৌ সেনা এবার নিজ বাহিনীরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছেন। তার স্ত্রী একে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করলেও, ইউএস নেভি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা সাজিয়েছে।
সংবাদমাধ্যম ‘এমএস নাউ’-এর পর্যালোচনা করা নথি অনুযায়ী, ওই সেনার বিরুদ্ধে ‘দায়িত্ব ফাঁকি’ এবং ‘অনুমতি ছাড়া অনুপস্থিত’ থাকার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি তার অর্ধেক বেতন হারাতে পারেন।
নৌবাহিনীর এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে ওই সেনার স্ত্রী মার্কিন গণমাধ্যমকে বলেন, যে মানুষের মানসিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জরুরি প্রয়োজন, তার সাথে এমন আচরণ করাটা উন্মাদনা ছাড়া আর কিছু নয়।
আত্মহত্যার চেষ্টার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, প্রতিটি সেনার কল্যাণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সাহায্য চাওয়াটা দুর্বলতা নয় বরং শক্তির লক্ষণ।
ইরান যুদ্ধের কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মোতায়েনের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছিল। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান ও বিমানবাহী রণতরীটির ভেতরে পরিস্থিতির অবনতি ঘটায় সেনাদের ওপর মানসিক চাপ বাড়ে। এ নিয়ে একাধিক ডেমোক্র্যাট সেনেটর শুনানির দাবিও তুলেছিলেন। পরিস্থিতি সামাল দিতে চলতি মাসের শুরুর দিকে লিঙ্কনকে অব্যাহতি দিয়ে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ ওয়াশিংটন।
সূত্র: আল-জাজিরা
'নিষেধাজ্ঞা ও হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক প্রযুক্তি বিশ্বমানের'
ইরান যুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান