হরমুজে মাইন অপসারণে ইরান-কাতারের যৌথ উদ্যোগ

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ইরান ও কাতার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের জন্য একটি যৌথ প্রকল্প বাস্তবায়নে চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি অস্থায়ী নৌপথ তৈরির বিষয়ও আলোচনায় এসেছে।

হরমুজ প্রণালিকে ঘিরে কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যেই নতুন এই উদ্যোগের কথা সামনে এলো। ইরান ও ওমান এরই মধ্যে প্রণালিতে একটি অস্থায়ী নৌপথ চালু এবং মাইন অপসারণের বিষয়ে আলোচনা করেছে। নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারে বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে মাস্কাট।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনার পাশাপাশি উত্তেজনা কমানো এবং সংলাপের উপযুক্ত পরিবেশ তৈরির প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়।

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরির উদ্যোগকে অঞ্চলটিতে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রণালিটি দিয়ে জ্বালানি পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যও পরিচালিত হওয়ায় নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধার আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

কাতারের এই উদ্যোগ এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে। ফলে মাইন অপসারণ ও নিরাপদ নৌপথ তৈরির আলোচনা বাস্তবে কতটা অগ্রসর হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট দেশগুলোর। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন