নতুন যে দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। পরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

এর আগে এই কমিটির সভাপতি ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়।

পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।

অপরদিকে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে এই কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে এই কমিটির সভাপতি ছিলেন আন্দালিভ রহমান পার্থ। তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় কমিটিতে পরিবর্তন আনা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নতুন দায়িত্বও পালন করবেন জহির উদ্দিন স্বপন।

AHA
আরও পড়ুন