যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছে ভারত। দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই ব্যবস্থা কেনার কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোর বলেন, ভারত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত জ্যাভেলিন ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে যৌথ উৎপাদনের নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি।
জ্যাভেলিন হলো একজন সেনার বহনযোগ্য মাঝারি পাল্লার অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করতে পারে। ফলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর অপারেটর দ্রুত অবস্থান বদলে পাল্টা হামলা এড়াতে পারেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বছরের নভেম্বরে ভারতের কাছে সর্বোচ্চ ১০০টি জ্যাভেলিন ব্যবস্থা এবং ২১৬টি এক্সক্যালিবার নির্দেশিত কামানের গোলা বিক্রির সম্ভাব্য অনুমোদন দেয়। ওই প্রস্তাবিত চুক্তির মূল্য ছিল প্রায় ৯ কোটি ৩০ লাখ ডলার।
তবে এবার ভারত ঠিক কতসংখ্যক জ্যাভেলিন কিনবে এবং চূড়ান্ত চুক্তির মূল্য কত হবে, তা এখনও জানা যায়নি। ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লকহিড মার্টিন ও আরটিএক্সের যৌথ উদ্যোগে তৈরি জ্যাভেলিন বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও মেরিন কোরসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।
ভারত গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার, সি-১৭ ও সি-১৩০জে পরিবহন বিমান, পি-৮আই সামুদ্রিক টহল বিমান এবং এম-৭৭৭ হাউইটজারের মতো বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে।
চীনের ‘দখল’ ঘিরে ফের উত্তপ্ত ভারত-চীন সীমান্ত
গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত : অ্যামনেস্টি
ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের