ভিয়েনার জাদুঘর থেকে রাজপরিবারের হীরার নেকলেস চুরি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতে একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক হীরার নেকলেস চুরি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দুই অস্ত্রধারী ব্যক্তি সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করে কাচের প্রদর্শনী বাক্স ভেঙে নেকলেসটি নিয়ে পালিয়ে যায়।

প্ল্যাটিনামের তৈরি নেকলেসটিতে ছিল ৬৭৩টি হীরা, যার মোট ওজন ২০০ ক্যারেটের বেশি। ২০১৫ সালের নিলামে নেকলেসটির মূল্য ছিল ৪৩ লাখ ডলার।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় দুই ব্যক্তি মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে প্রবেশ করে। এরপর প্রদর্শনী কক্ষে রাখা কাচের সুরক্ষিত ডিসপ্লে কেস ভেঙে তারা নেকলেসটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে চোরদের মুখে কোনো মুখোশ দেখা যায়নি। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্র ছিল। চুরির পর তারা দ্রুত জাদুঘরের দক্ষিণ পাশের ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়।

চুরি হওয়া ঐতিহাসিক নেকলেসটি প্রখ্যাত ফরাসি জুয়েলারি হাউস ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের তৈরি। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে রাজকুমারী ফাওজিয়ার বিয়েতে নেকলেসটি পরেছিলেন। কায়রোয় অনুষ্ঠিত ওই রাজকীয় বিয়েতে ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির বিয়ে হয়। ঐতিহাসিক ওই অনুষ্ঠানে মিসরের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকা একটি বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে নেকলেসটি ভিয়েনায় আনা হয়েছিল। চুরির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসের মহাপরিচালক লিলি হোলিন। তিনি জানান, জাদুঘরে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঠেকানো সম্ভব হয়নি। তবে জাদুঘরের কর্মীরা পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে চুরি হওয়া নেকলেসটি উদ্ধারে এবং জড়িতদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে অস্ট্রিয়ান পুলিশ। সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি স্নিফার ডগ ও ফরেনসিক বিশেষজ্ঞদেরও কাজে লাগানো হচ্ছে।

এএম
আরও পড়ুন