গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন সংসদে উত্থাপন করা হবে: আইনমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন আগামী দুই কার্যদিবসের মধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
 
শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
আইনমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন নিয়ে রোববার সকাল ১১টায় সংসদীয় কমিটির সভায় আলোচনা হবে। আলোচনা শেষে আইনটি জাতীয় সংসদে উত্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। আগামী দুই কার্যদিবসের মধ্যেই আইনটি সংসদে উত্থাপন করা হবে।
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও তার নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, “ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।”
 
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এটি একটি বড় কর্মযজ্ঞ হওয়ায় বাস্তবায়নে সময় লাগবে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নে অন্তত এক বছর সময় লাগতে পারে। আগামী এক বছরের মধ্যে বিচার বিভাগের ডিজিটালাইজেশন বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
 
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা জরুরি। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান (সচিব পদমর্যাদা)।
 
এ সময় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমসিএইচ
আরও পড়ুন