কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে কর্ণফুলী নদীতে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই গেটগুলো খুলে দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি গেট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার দ্বিতীয়বারের মতো স্প্রিলওয়ের গেট খুলে পানি ছাড়া হচ্ছে।

এর আগে শনিবার রাত ১০টায় ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলার কথা জানানো হয়েছিল। তবে হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই গেটগুলো খুলে দেওয়া হয়।

শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্প্রিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এতে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে।

এ পরিস্থিতিতে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এএম
আরও পড়ুন