শপথ নিলেন আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গনি

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। তার যোগদানের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৭ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত