ইসলামকে ‘শ্রেষ্ঠ ধর্ম’ বললেন হিন্দু মন্ত্রী

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

ইসলামকে অন্যান্য ধর্মের তুলনায় ‘শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতের কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসভরাজ রায়ারেড্ডি। তাঁর মন্তব্যের পর পদত্যাগ অথবা হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিরোধী দল বিজেপি।

কোপ্পল জেলার কুকনুর শহরে মুসলিম সম্প্রদায়ের একটি গণবিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে রায়ারেড্ডি বলেন, ইসলাম একটি মহান ও মানবিক ধর্ম। তাঁর ভাষ্য, ধর্মটি বিজ্ঞাননির্ভর এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।

এরপর তিনি বলেন, যারা ইসলাম সম্পর্কে জানেন না, তারাই এ ধর্মকে ঘিরে ভুল ধারণা তৈরি করেন। তাঁর দাবি, ‘ইসলাম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি মানবতার মধ্য দিয়ে শুরু হয়।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় রায়ারেড্ডি বলেন, কোরআন নিয়ে তিনি গভীর গবেষণা করেননি এবং নিয়মিত মন্দির বা মঠেও যান না। তবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে পড়াশোনা করেন বলে জানান তিনি। এ কারণে আব্রাহামিক ধর্মগুলো নিয়েও তাঁর আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন।

মক্কায় যাওয়ার ও হজ পালনের ইচ্ছার কথাও জানান রায়ারেড্ডি। তবে অমুসলিম হওয়ায় তা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রীর মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সরব হয় বিজেপি। দলটির কর্ণাটক রাজ্য সভাপতি আর. অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সমালোচনা করে অভিযোগ করেন, মন্ত্রীর মন্তব্য সনাতন হিন্দু ধর্ম ও মন্দির সংস্কৃতির অবমাননা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আর. অশোক মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তোলেন, মন্ত্রীর এমন বক্তব্যের পরও তিনি কেন নীরব রয়েছেন। তিনি দাবি করেন, রায়ারেড্ডিকে অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আহ্বান জানান তিনি।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ভোটারদের তোষণ করতেই মন্ত্রী এমন মন্তব্য করেছেন।

বাসভরাজ রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণে ডি কে শিবকুমারের সরকারের উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এর আগে মন্ত্রী বি নাগেন্দ্রর পদত্যাগের পর এবার রায়ারেড্ডির মন্তব্যকে কেন্দ্র করে কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস সরকার নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছে।

সূত্র: এনডিটিভি

এএম
আরও পড়ুন