মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির আট যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।