ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা বাবা ও তাঁর ১৩ বছরের ছেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া দুজন হলেন, ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) এবং তাঁর ছেলে মো. মিজানুর রহমান (১৩)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। পরে নৌকায় থাকা বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর কোস্টগার্ড সদস্যরা তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেন। পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে বাবা-ছেলেসহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
বামনায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা