কুষ্টিয়ার কুমারখালী থানার হাজতখানায় নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন চুরির মামলার এক আসামি।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আসামি ইকবাল শেখ গারো (৪০) উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা আইনে মামলা করেছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
থানা পুলিশ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজের বরাতে জানা গেছে, হাজতখানায় থাকা অবস্থায় ইকবাল প্রথমে নিজের লুঙ্গি ছিঁড়ে ফেলেন। এরপর দেয়ালে থাকা লোহার গ্রিলের সঙ্গে ছেঁড়া লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। প্রথমবার ব্যর্থ হওয়ার পর কিছুক্ষণ পর আবারও একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় হাজতখানায় ঘুমিয়ে থাকা আরেক আসামি জেগে উঠে চিৎকার করে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। চিৎকার শুনে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইকবালকে উদ্ধার করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুন সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের আলতাফ ফকিরের ছেলে বিপ্লব হোসেনের খামার থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি করেন ইকবাল। পরে গরুটি ৫৫ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে বাবার কুলখানি করেন এবং এরপর আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।
এরপর সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ছয়টি মুরগি চুরি করে পালানোর সময় পুলিশ ইকবালকে আটক করে। পরে তাঁকে থানার হাজতখানায় রাখা হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
আত্মহত্যার চেষ্টা করার কারণ জানতে চাইলে ইকবাল বলেন, ‘পুলিশ ধরে থানায় নিয়ে এসেছে। সেজন্য আত্মহত্যা করে মরে যেতে চেয়েছিলাম।’
চুরি হওয়া গরুর মালিক বিপ্লব হোসেন বলেন, ‘৫ জুন ইকবালের বাবা মারা যান। পরদিন রাতে আমার গরু চুরি করে ৭ জুন বিক্রি করে। এরপর ৮ জুন সেই টাকা দিয়ে বাবার কুলখানি করে পালিয়ে যায়। তখন থানা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলাম। আজ ইকবাল ধরা পড়েছে শুনে মামলা করতে থানায় এসেছি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে ইকবাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আত্মহত্যার চেষ্টা আইনে মামলা করেছে। সাম্প্রতিক গরু চুরির ঘটনাসহ ইকবালের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী
পাঁচ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর
পদ্মা সেতুর ঢালে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৮