মাত্র ১৫ দিনের ভ্রমণ ভিসায় ১৯৯৩ সালে জাপানে প্রবেশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি। এরপর আর দেশে ফেরেননি। প্রায় ৩৩ বছর ধরে অবৈধভাবে জাপানে বসবাসের পর ৭২ বছর বয়সে এসে গ্রেপ্তার হয়েছেন তিনি।
জানা গেছে, ওই ব্যক্তির নাম মুন জং-গি। পুলিশের অভিযোগ, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ছোট ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে জাপানে প্রবেশ করেন তিনি।
তদন্তকারীরা জানান, উন্নত আয়ের আশায় দক্ষিণ কোরিয়া থেকে জাপানে গিয়েছিলেন মুন জং-গি। সেখানে দিনমজুরি ও বিভিন্ন অস্থায়ী কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
দীর্ঘদিনের অবৈধ অবস্থান কোনো নিয়মিত তল্লাশির মাধ্যমে ধরা পড়েনি। ২০২৬ সালের জুনে জাপানি পুলিশের কাছে অবৈধভাবে বসবাসকারী এক ব্যক্তির বিষয়ে তথ্য আসে। এরপর শিজুওকা প্রিফেকচারাল পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে শিজুওকার ইয়াইজু এলাকায় ওই ব্যক্তির সন্ধান পান কর্মকর্তারা। গত ২৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।
জাপানের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এত দীর্ঘ সময় কীভাবে তিনি পুলিশের নজর এড়িয়ে ছিলেন, তা এখনো তদন্তাধীন।
মুন জং-গির জাপানে অবস্থানের সময় প্রায় ৩৩ বছর হলেও বর্তমান ফৌজদারি অভিযোগের আওতাধীন সময়কাল প্রায় ২৬ বছর।
এর কারণ, জাপানে অবৈধভাবে অবস্থান বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করাকে অপরাধ হিসেবে গণ্য করার আইনে পরিবর্তন আসে ২০০০ সালের ফেব্রুয়ারিতে। ফলে পুলিশ যে অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে, সেটির সময়কাল ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ধরা হচ্ছে।
সূত্র: জাপান টাইমস।
প্রয়োজনের ভিত্তিতেই বোয়িং কিনবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা!